বার্তা সংস্থা আবনা : সৌদি আরবের নেতৃত্বে অসুস্থ ও বয়োঃবৃদ্ধদের ভিড় দিন দিন বাড়ছে। এতে দেশটির জাতীয় নেতৃত্বে সঙ্কট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।
এরইমধ্যে সৌদি রাজা আব্দুল্লাহ বার্ধক্যজনিত সমস্যা নিয়ে দেশ ত্যাগ করেছেন। তিনি কোথায় গেছেন তা এখনো অজানা। ধারণা করা হচ্ছে- তিনি আমেরিকায় গেছেন এবং বেশ কিছুদিন চিকিতসা নেবেন।
ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নেয়ার ইস্ট পলিসি'র বিশেষজ্ঞ সাইমন হেন্ডারসন সাম্প্রতিক এক নিবন্ধে লিখেছেন, রাজা আব্দুল্লাহর স্বাস্থ্য নিয়ে পরিষ্কার উদ্বেগ সৃষ্টি হয়েছে। ব্যাপকভাবে জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছে যে, রাজা আব্দুল্লাহ চিকিতসার জন্য নিউ ইয়র্ক শহরে যাবেন।
গত ২৮ আগস্ট সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা খবর দিয়েছিল, রাজা আব্দুল্লাহ বিশেষ ছুটিতে যাচ্ছেন এবং যুবরাজ সালমান বিন আব্দুল আযিয তার অবর্তমানে দেশ পরিচালনা করবেন। তবে, সৌদি বার্তা সংস্থা সেদিন স্পষ্ট করে বলেনি- রাজা আব্দুল্লাহ কোথায় যাবেন।
এ সম্পর্কে হেন্ডারসন তার নিবন্ধে বলেছেন, "সালমান বিন আব্দুল আযিয অস্থায়ীভাবে দায়িত্ব নিলেই সৌদি রাজতন্ত্র মুক্তি পাচ্ছে না।" হেন্ডারসন বলেছেন, খোদ সালমানের স্বাস্থ্য এবং ক্ষমতা নিয়েই রয়েছে নানা উদ্বেগ। এ ছাড়া, সালমানের পর আলে সৌদ পরিবারে আর কোনো নিশ্চিত যুবরাজ নেই।
হেন্ডারসন তার নিবন্ধে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, দীর্ঘদিনের অসুস্থ পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ সৌদ আল-ফয়সালের করেণে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এরইমধ্যে অচল হয়ে পড়েছে।#
(রেডিও তেহরান)